
দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি ক্রয় আইন ও বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই এলএনজি আমদানির প্রস্তাবটি উপস্থাপন করেছিল।
বৈঠকে গ্যাসের পাশাপাশি সার ও কারিগরি প্রশিক্ষণ ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের সঙ্গে ইউরিয়া সার সরবরাহ সংক্রান্ত চুক্তি। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনার আওতায় এই সার আমদানি করা হবে।
এছাড়া জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) প্রকল্পের আওতায় দেশের ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ৪০টি ড্রাইভিং সিমুলেটর কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই সিমুলেটরগুলো সংগ্রহ করা হবে।
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্পের কার্যক্রম গতিশীল রাখতেও একটি বিশেষ প্রস্তাব অনুমোদন পেয়েছে। জাপানের এমএইচআই নামক প্রতিষ্ঠানের কাছ থেকে কারিগরি সহায়তা নেওয়ার জন্য টেকনিক্যাল সার্ভিস (দ্বিতীয় ধাপ) চুক্তির আওতায় একক উৎস নির্বাচন পদ্ধতিতে পরামর্শক নিয়োগের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কারখানার দৈনন্দিন উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে। কমিটির এসব সিদ্ধান্ত দেশের শিল্প প্রকল্পগুলোর কার্যক্রম অব্যাহত রাখা এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :