
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে সোমবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। রাত সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল। দুর্ঘটনায় বিমানবাহিনীর আরও চার সদস্য আহত হয়েছেন।
প্রাথমিক তথ্যানুযায়ী, রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে বিমানবাহিনীর একটি পিকআপ থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক সাংবাদিকদের এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে দুর্ঘটনাজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। সেখানে আহতদের চিকিৎসা প্রদানসহ পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :