Facebook Twitter Instagram YouTube

নারায়ণগঞ্জের আমলাপাড়ায় ‘মা’ থিমে সেজেছে দুর্গাপূজার মণ্ডপ


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ১:২১ অপরাহ্ণ / ০
নারায়ণগঞ্জের আমলাপাড়ায় ‘মা’ থিমে সেজেছে দুর্গাপূজার মণ্ডপ

আধুনিকতার ভিড়ে নারায়ণগঞ্জের আমলাপাড়ায় যেন আবহমান গ্রাম-বাংলার রূপকথা ফিরে এসেছে। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ সেজেছে দেশীয় ও প্রাকৃতিক উপাদানে। কুলা, চাটাই, তালপাখা, মাটির তৈরি সরা, হাঁড়ি এবং কড়ির নান্দনিক বিন্যাসে ফুটিয়ে তোলা হয়েছে সৃষ্টির সেরা বন্ধন ‘মা’কে।

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া গলিতে প্রবেশপথ থেকে শুরু করে প্রতিমার বেদি পর্যন্ত প্রতিটি পরতে পরতে জড়িয়ে আছে মাতৃত্বের গল্প। এবারের মণ্ডপসজ্জার মূল প্রতিপাদ্য ‘মা’। শুধু দেবী দুর্গাই নয়, বরং যে গর্ভধারিণী মায়ের জঠরে মানুষের জন্ম এবং যাঁর স্নেহে সন্তান বেড়ে ওঠে, সেই মায়ের ত্যাগ ও জীবনযাত্রার চিত্র মণ্ডপের দেয়ালগুলোতে তুলে ধরা হয়েছে। মণ্ডপের বিভিন্ন অংশে রয়েছে বিশেষ বার্তা, যেখানে সন্তানদের মায়ের পরামর্শ মেনে চলার উপদেশ দেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, প্রায় তিন মাস সময় লেগেছে এই বিশাল ও বৈচিত্র্যময় মণ্ডপটি তৈরি করতে। এর মধ্যে প্রথম দুই মাস খোলা মাঠে আলাদাভাবে কাজ করার পর, শেষ এক মাস মণ্ডপে দিন-রাত পরিশ্রম করে পুরো সাজসজ্জা সম্পন্ন করা হয়েছে।

আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা জানান, এই মণ্ডপে ১৪৪ বছর ধরে পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। তিনি বলেন, প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার পাশাপাশি নতুন কোনো থিম নিয়ে কাজ করার ধারাবাহিকতায় এবার মাতৃত্বের প্রতি সম্মান জানাতে ‘মা’ থিম বেছে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের সার্বিক সহায়তা ও নিরাপত্তার জন্য তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কমিটির কোষাধ্যক্ষ সানি সাহা জানান, আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের আশা করছেন তারা। তিনি আরও বলেন, তাদের এলাকাটি সম্প্রীতির প্রতীক। মণ্ডপের পাশেই মসজিদ ও মাদ্রাসা রয়েছে, তাই নামাজের সময় তারা বাদ্যযন্ত্র বন্ধ রাখেন। পুরো মণ্ডপ ও আশেপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় রয়েছে এবং সরকার অনুমোদিত পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব দেড়শ’ স্বেচ্ছাসেবী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন।

স্থানীয় বাসিন্দা দীপ্ত দেবনাথ বলেন, ছোটবেলা থেকেই আমলাপাড়া পূজামণ্ডপে আসি। প্রতিবারই এখানে ব্যতিক্রম কিছু থাকে, আর এবার মায়ের চিত্রের সাথে শিক্ষণীয় বার্তা এবং বাইরের আলোকসজ্জা নজর কাড়ছে। কৃত্রিমতার ভিড়ে শিকড়কে ছোঁয়ার এই ব্যতিক্রমী আয়োজন দেখতে এখন আমলাপাড়ার গলিতে দর্শনার্থীদের ঢল নেমেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin