
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলার অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। বুধবার (২২ জুলাই) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এ এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম (কাইয়ুম) তার বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরী অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৩ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেন।
এর আগে দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে ঢাকা মহানগর হাজতখানা থেকে আনিসুল হককে আদালতে হাজির করা হয়।
মামলার এজাহার ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৫ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য ইস্যু করা সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। একই সঙ্গে ওই লাইসেন্সের আওতাভুক্ত সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ ছিল যে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট অস্ত্রকে অবৈধ হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।
অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে আনিসুল হক তার লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বনানী থানা বা অন্য কোনো থানায় নিজে কিংবা প্রতিনিধির মাধ্যমে জমা দেননি। এ বিষয়ে তিনি থানাকেও অবহিত করেননি। পরবর্তীতে তার অস্ত্রের লাইসেন্সে উল্লেখিত ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। এই ঘটনার প্রেক্ষিতে চলতি বছরের ২৪ মে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম দুলাল বাদী হয়ে আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাটি দায়ের করেন।
আপনার মতামত লিখুন :