
দেশের ব্যাংক খাতের ব্যাপক আর্থিক লুটপাট ও কাঠামোগত ক্ষয়ক্ষতির প্রভাব কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি জানিয়েছেন, এই খাত পুনর্গঠনে আগামী ৫ থেকে ৮ বছর পর্যন্ত জাতীয় বাজেট থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা প্রয়োজন।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক আয়োজিত বাংলা কিউআর লেনদেনের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ কথা বলেন। অনুষ্ঠানে ইউআইইউর উপাচার্য মো. আবুল কাশেম মিঞা এবং ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমানসহ চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আর্থিক খাতের অনিয়ম ও অর্থপাচারের চিত্র তুলে ধরে গভর্নর বলেন, তিনি দায়িত্ব গ্রহণের সময় ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের এক-তৃতীয়াংশ লুট হয়ে গিয়েছিল। তিনি উল্লেখ করেন, এই বিপুল অর্থ দিয়ে সরকার দুই কোটি পরিবারকে সহায়তা করা অথবা পদ্মা সেতুর মতো দুটি বড় অবকাঠামো প্রকল্প নির্মাণ করতে পারত। ব্যাংকিং ব্যবস্থায় তারল্য সংকট সৃষ্টির জন্য দায়ী লুটেরা গোষ্ঠীকে কঠোর সমালোচনা করে তিনি একে সাধারণ চুরি নয়, বরং লুটপাট হিসেবে অভিহিত করেন। অনিয়ম ও অর্থপাচারের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনা এবং লুট হওয়া সম্পদ পুনরুদ্ধারে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।
অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে ডিজিটাল লেনদেনে আগ্রহী করতে ইউআইইউতে বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু করা হয়। ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, দৈনন্দিন আর্থিক সেবা সহজলভ্য হলেই ডিজিটাল রূপান্তর অর্থবহ হয়। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবহারের অভিজ্ঞতা অর্জন করতে পারছেন।
এর আগে গভর্নর শিক্ষার্থীদের সঙ্গে ব্যাংকিং খাতের ভবিষ্যৎ এবং আর্থিক উদ্ভাবন নিয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ উদ্যোগের ওপর একটি উপস্থাপনা দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আউটলেটে নগদবিহীন লেনদেন ব্যবস্থা চালু করা হয়।
আপনার মতামত লিখুন :