
দেশের তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবন খাতের ৪৪টি উদ্যোগকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিআইআইএন)। শনিবার ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ এসব উদ্যোগের উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট, সনদ ও পুরস্কার দেওয়া হয়।
এ বছর প্রতিযোগিতার জন্য মোট ৩৫৫টি প্রকল্প জমা পড়েছিল। দুই দিনের নিবিড় মূল্যায়ন শেষে বিচারকরা ৯টি চ্যাম্পিয়ন, ১০টি বিজয়ী এবং ২৫টি মেরিট পুরস্কারের জন্য প্রকল্পগুলো নির্বাচন করেন। শিল্প, শিক্ষা, ব্যাংকিং, সরকারি প্রশাসন ও নতুন উদ্যোগ খাতের ৪০ জন অভিজ্ঞ বিচারক এই প্রক্রিয়ায় দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশকে কেবল বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীল না হয়ে নিজস্ব উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তি সক্ষমতা অর্জনের মাধ্যমে উৎপাদক ও রপ্তানিকারক দেশে পরিণত হতে হবে। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্ধপরিবাহী নকশা, সফটওয়্যার, তথ্যকেন্দ্র ও ডিজিটাল সেবায় ‘মেড ইন বাংলাদেশ’ সক্ষমতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, উদ্ভাবন, গবেষণা ও ব্যবসার মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা বর্তমানে অত্যন্ত জরুরি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন উদ্ভাবনকে বাজারজাত ও বাণিজ্যিকীকরণের জন্য অর্থায়ন, মেধাস্বত্ব সুরক্ষা ও নীতিসহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
পুরস্কারপ্রাপ্ত চ্যাম্পিয়নদের মধ্যে রয়েছে সক্রিও টেকনোলজিসের ‘সক্রিও ডিএমএস’, টেটনের ‘মাইইসিজিএআই’, গ্রামীণ হেলথটেকের ‘দ্য সুখী ওয়ে’, বুয়েটের ‘এজেন্টআইএএম’, ইউল্যাবের ‘ক্রনিক’, চুয়েটের ‘সিঙ্ক ভি-১’, খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘আরবর’, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের ‘ব্রেইলব্রিজ’ এবং ‘বিন্দো’। আয়োজকরা জানান, চ্যাম্পিয়ন ও বিজয়ী উদ্যোগগুলো এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স অ্যাওয়ার্ডসে (অ্যাপিকটা) বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত হয়েছে।
আপনার মতামত লিখুন :