
নাসিরুদ্দিন জ্জোহার একটি গল্পের কথা মনে পড়ে। মাথায় ইটের বোঝা নিয়ে তিনি হাঁটছিলেন। বন্ধু জিজ্ঞাসা করলেন, 'এত ইট তোমার মাথায় কে চাপিয়ে দিল, আর এই ইট দিয়ে তুমি কী করবে?' জ্জোহার উত্তর ছিল, 'কেউ চাপিয়ে দেয়নি। বাড়ি করব, তাই ইট আনছি।' বন্ধু জানতে চাইলেন, জায়গাজমি নেই, বাড়ি কোথায় করবেন? জ্জোহার জবাব, 'সে পরে দেখা যাবে!' বিমানের বর্তমান উড়োজাহাজ কেনার পরিস্থিতির সঙ্গে এই গল্পের অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়।
বিমানমন্ত্রী জানিয়েছেন, ২৫টি বোয়িং কিনতে চুক্তিমতো ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার বা প্রায় ৭৮ হাজার ৭০০ কোটি টাকা খরচ হবে। এই বিমানগুলো ডেলিভারি দেওয়া হবে ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে। অর্থাৎ, এই বিশাল আর্থিক দায়ভার বর্তমান সরকারের মেয়াদের বাইরে চলে যাচ্ছে, যা পরবর্তী সরকারের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়াতে পারে। এর পাশাপাশি ১০টি এয়ারবাস কেনার চুক্তির তথ্যও সামনে এসেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ২৫টি বোয়িং কেনা কি যুক্তরাষ্ট্রের চাপ ছিল? আর সেই চাপ ঢাকতেই কি তড়িঘড়ি করে ১০টি এয়ারবাসের চুক্তি করা হচ্ছে?
বিমানের ট্র্যাক রেকর্ড খুব একটা আশাব্যঞ্জক নয়। স্কাইট্রাক্সের রিপোর্ট অনুযায়ী, বিমান তিন স্টারের এয়ারলাইনস। পরিচ্ছন্নতা, কেবিন রক্ষণাবেক্ষণ এবং কেবিন ক্রুদের সেবার মানের অসংগতি নিয়ে স্কাইট্রাক্স প্রশ্ন তুলেছে। ঢাকার বিমানবন্দরের সেবার মানও দুর্বল। তবে গত ৪০ বছরে বড় কোনো দুর্ঘটনা না ঘটায় নিরাপত্তার ক্ষেত্রে বিমান ফাইভ স্টার রেটিং পেয়েছে, যা একটি ইতিবাচক দিক। কিন্তু পরিচালনাগত সক্ষমতা না বাড়ালে শুধু উড়োজাহাজের বহর বাড়িয়ে লাভ হবে কি না, তা নিয়ে ঘোর সংশয় রয়েছে।
বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেনের মতে, বাংলাদেশের বিমান খাতের মূল সংকট উড়োজাহাজ নয়, বরং দক্ষ জনবলের অভাব। পাইলট এবং লাইসেন্সধারী প্রকৌশলীর সংকট প্রকট। কাগজ-কলমে বাংলাদেশ বিমান বিরাট লাভজনক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ অর্থবছরের বিমান ৯৩৭ কোটি টাকার বার্ষিক মুনাফা অর্জনের কথা জানিয়েছে, যা বিমানের ইতিহাসে রেকর্ড। কিন্তু প্রদীপের নিচে লুকিয়ে আছে বিরাট অন্ধকার। সরকারি বিভিন্ন সংস্থার কাছে বিমানের ৮ হাজার ১০০ কোটি টাকার বেশি বকেয়া ঋণ রয়েছে, যা বিমানকে কার্যত লোকসানকারী প্রতিষ্ঠানে পরিণত করেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে ঢাকায় 'ট্রাভেল হাব' গড়া বা ইথিওপিয়ান এয়ারলাইনসের মতো বড় ফ্লিট গড়ার কথা শোনা যাচ্ছে। কিন্তু পর্যটন খাতের দুর্বলতা, বিমানবন্দরের রানওয়ের সীমাবদ্ধতা এবং দক্ষ জনবলের অভাব থাকলে এই পরিকল্পনা বাস্তবায়ন কঠিন। এছাড়া মধ্যপ্রাচ্যে চাকরির বাজার নিয়ে শঙ্কা থাকায় বিমানভ্রমণ সংকুচিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ সাত বছর ধরে চলছে, অথচ এখনো শেষ হয়নি। সব মিলিয়ে নতুন এই উড়োজাহাজ কেনার চুক্তি কি নাসিরুদ্দিন জ্জোহার মতো 'পরে দেখা যাবে' বলে ভবিতব্যের ওপর ছেড়ে দেওয়া হয়েছে? তবে চুক্তি যখন হয়েই গেছে, তখন আশাবাদই সম্বল। আমাদের প্রত্যাশা, বিমান বাংলাদেশ যেন ভ্রমণশিল্পকে নতুন উচ্চতায় নিতে পারে।
আপনার মতামত লিখুন :