
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ডেমরায় নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)। সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতারা মাদ্রাসাসহ দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস শাকুর এবং সভা সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমজিটিএ-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ এবং প্রধান আলোচক ছিলেন মহাসচিব ফিরোজ আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে কেএম শামীম, মোহাম্মদ আলী, ফজলুর রহমান, আব্দুল হাই, গোলাম মোস্তফা, আসাদুজ্জামান, আলাউদ্দিন, রেজাউল হক মন্ডল, রফিকুল ইসলাম ও মনিরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা দেশের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষকদের সামাজিক মর্যাদা ও জীবনযাত্রার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সমপরিমাণ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিশ্চিত করার দাবি জানান। এছাড়া শিক্ষকদের জন্য দ্রুত বদলি প্রথা চালু, মাদ্রাসার প্রশাসনিক পদসমূহে জেনারেল শিক্ষকদের নিয়োগের সুযোগ সৃষ্টি এবং ইএফটির মাধ্যমে শতভাগ বেতন-ভাতা প্রদানের দাবি উত্থাপন করা হয়। পরিশেষে, একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে মাদ্রাসাসহ পুরো শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :