Facebook Twitter Instagram YouTube

আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, রয়েছে নানা কর্মসূচি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ৮:০১ পূর্বাহ্ণ /
আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, রয়েছে নানা কর্মসূচি

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকার রমনা পার্কে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘ পথচলার এই দিনটিকে কেন্দ্র করে নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৯টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

এছাড়া দলটির অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আগামী ৫ সেপ্টেম্বর দলটির পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হবে।

দলীয় সূত্র অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হওয়ার পর দলের নেতৃত্বে পরিবর্তন আসে। ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তাঁর সহধর্মিণী খালেদা জিয়া। তিনি দীর্ঘ সময় ধরে দলটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে, ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এরপর ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din