Facebook Twitter Instagram YouTube

ভোলার মেঘনায় নৌকাডুবি: বাবা-ছেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড


প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ /
ভোলার মেঘনায় নৌকাডুবি: বাবা-ছেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে একটি ছোট মাছ ধরার নৌকা ডুবে গেছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পরপরই কোস্ট গার্ড স্টেশন ইলিশার একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে নৌকায় থাকা দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন ভোলা সদর উপজেলার কন্দকপুর গ্রামের মো. মোতাহার গোল্দারের ছেলে মো. আলমগীর গোল্দার (৪৫) এবং তার ছেলে মো. মিজানুর রহমান (১৩)।

উদ্ধারকারী দল জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় খাবার সরবরাহ করে। এছাড়া উদ্ধার অভিযানের অংশ হিসেবে ডুবে যাওয়া নৌকাটিও শনাক্ত করে উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার হওয়া বাবা ও ছেলেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, নদীতে যেকোনো ধরনের জরুরি পরিস্থিতিতে মানুষের জানমাল রক্ষায় কোস্ট গার্ডের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে এবং নদীপথে কোনো বিপদের খবর পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh