
চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে মোহাম্মদ জসিম উদ্দিন নামের এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০ তলা ভবনে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সকাল আটটার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়–ভাটিয়ারী লিংক রোড–সংলগ্ন আবাসিক এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মুখে মাস্ক পরা ৮ থেকে ১০ জন সশস্ত্র ব্যক্তি একটি টেম্পোতে করে জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনের সামনে পৌঁছায়। এ সময় ভবনে শ্রমিকরা কাজ করছিলেন। সন্ত্রাসীরা ভেতরে ঢুকে শ্রমিকদের মারধর শুরু করে এবং ভবনের দরজা–জানালা ভাঙচুর করে। হামলায় হাসান সাকি নামের এক নির্মাণশ্রমিক কিরিচের আঘাতে আহত হন। এছাড়া ভবনের নিরাপত্তাকর্মীসহ আরও কয়েকজন শ্রমিককে মারধর করা হয়। যাওয়ার সময় সন্ত্রাসীরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, গত এক মাস ধরে বিদেশি নম্বর থেকে ফোন করে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানিয়েছিলেন। এর আগেও শহরে একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলার পর সন্ত্রাসীরা কিছুদিন নীরব থাকলেও, গত এক সপ্তাহ ধরে আবার চাঁদার জন্য ফোন করা শুরু করে। জসিম উদ্দিন জানান, তিনি এই ঘটনায় থানায় মামলা করবেন। তবে হুমকিদাতাদের নাম তিনি জানেন না।
স্থানীয়দের অভিযোগ, শুধু জসিমের ভবন নয়, বড় দিঘিরপাড় এলাকায় নির্মাণাধীন ৮ থেকে ১০টি ভবনে ফোন করে চাঁদা আদায় করছে সন্ত্রাসীরা। স্বাধীনতার পর এমন চাঁদাবাজির ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি।
চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে গত ১৩ জুলাই নগরের চকবাজার এলাকায় ডিডিএন নামের একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে র্যাব ও পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করেছিল।
আপনার মতামত লিখুন :