Facebook Twitter Instagram YouTube

বন্যায় বাংলাদেশের পাশে চীন, রেড ক্রিসেন্টকে ১ লাখ ডলার অনুদান


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ /
বন্যায় বাংলাদেশের পাশে চীন, রেড ক্রিসেন্টকে ১ লাখ ডলার অনুদান

বাংলাদেশে চলমান বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চীন। জরুরি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে (বিডিআরসিএস) ১ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে দেশটি।

বুধবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বিডিআরসিএস-এর চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালামের হাতে এই অনুদানের অর্থ হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনের রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে এই অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

অনুদানের অর্থ হস্তান্তরকালে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ যখনই কোনো দুর্যোগ বা মানবিক সংকটের মুখোমুখি হয়েছে, চীন সবসময়ই তার পাশে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে চীনের জনগণ বাংলাদেশের জনগণের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছে উল্লেখ করে তিনি ঢাকার প্রতি বেইজিংয়ের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

সাম্প্রতিক ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বন্যায় অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, লাখ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় আছেন এবং কৃষিজমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এই অনুদান মূলত বাংলাদেশের জনগণের প্রতি চীন সরকার ও সেদেশের জনগণের আন্তরিক উদ্বেগ এবং সংহতিরই বহিঃপ্রকাশ।

ইয়াও ওয়েন আরও জানান, কেবল জরুরি সহায়তাই নয়, বরং বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচি এবং বন্যা মোকাবিলার প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের মাধ্যমে বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতি সক্ষমতা শক্তিশালী করতে চীন ধারাবাহিকভাবে কাজ করে আসছে। গত বছর চীনের দেওয়া জরুরি সরঞ্জামগুলো বর্তমানে চলমান বন্যা মোকাবিলায় কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে এই মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজনে বিডিআরসিএস স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদানের ব্যাপারেও চীনের অঙ্গীকারের কথা জানান রাষ্ট্রদূত।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy