Facebook Twitter Instagram YouTube

শহীদ ওসমান হাদিকে নিয়ে ছাত্রদল নেত্রীর বিতর্কিত ফেসবুক পোস্ট


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ / ০
শহীদ ওসমান হাদিকে নিয়ে ছাত্রদল নেত্রীর বিতর্কিত ফেসবুক পোস্ট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাচ্ছিল্যপূর্ণ ও উপহাসমূলক পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক শ্রুতিরাজ চৌধুরীর বিরুদ্ধে। শ্রুতিরাজ চৌধুরী চবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্পোর্টস সাইন্স বিভাগের শিক্ষার্থী এবং সপ্তম চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে ছাত্রীবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়টি উল্লেখ করে শ্রুতিরাজ ফেসবুকে লেখেন, ‘ইশরাক ভাইয়ের ব্যাপারটা নিয়ে আবার হাদি ভাইকে ভুলে যাবেন না, এদিকেও খেয়াল রাখতে হবে!’ এর আগেও বিভিন্ন সময়ে তিনি হাদিকে নিয়ে পোস্ট দিয়েছেন। ফুটবলে আর্জেন্টিনার জয়ের পর তিনি লিখেছিলেন, ‘হাদি ভাই থাকলে আজ ফ্যাসিস্ট আর্জেন্টিনা জিতত না।’ এছাড়া গত ২৪ মে চবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিফ রহমান এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হওয়ার ঘটনাকে কেন্দ্র করেও তিনি হাদিকে নিয়ে মন্তব্য করেছিলেন। সে সময় তিনি লিখেছিলেন, ‘সামগ্রিক এই ক্যাচাল আর বিভ্রান্তির ভিড়ে আমরা যেন হাদি ভাইকে ভুলে না যাই। জাস্টিস ফর হাদি।’

এসব পোস্টের বিষয়ে শ্রুতিরাজ চৌধুরী বলেন, ওসমান হাদির মৃত্যুর আগে অনেকেই তাকে চিনতেন না, মৃত্যুর পরই মানুষের মধ্যে আবেগ তৈরি হয়। তিনি অভিযোগ করেন, হাদির হত্যাকাণ্ডের পর তার নাম ও ছবি ব্যবহার করে অসংখ্য ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। বিরোধীরা হাদিকে অতিরিক্ত মূল্যায়নের চেষ্টা করছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি সততার সঙ্গেই বলছি—আমার কখনোই মনে হয়নি হাদি এমন অসাধারণ কেউ ছিলেন, যাকে জাতির পিতা হতে হবে কিংবা বাঙালি জাতির অবিসংবাদিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।’

হাদির নাম ও ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট থেকে অশালীন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হাদির সরাসরি কোনো দোষ নেই, মূল সমস্যা হলো তার নাম ও ছবি ব্যবহার করে নারীদের হয়রানি করা। তিনি পরামর্শ দেন যে, কেউ যদি হাদিকে ইতিবাচকভাবে তুলে ধরতে চান, তবে তার সম্পর্কে সঠিক ও গঠনমূলক তথ্য প্রচার করা উচিত।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh