Facebook Twitter Instagram YouTube

হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে ৩ পর্যটকের প্রাণহানি, নিখোঁজ ২


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ / ০
হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে ৩ পর্যটকের প্রাণহানি, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও প্রবল স্রোতের কবলে পড়ে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন পর্যটক নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় একদল পর্যটক হিমছড়ির ওই সৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরের ঢেউ ও স্রোতের টানে বেশ কয়েকজন পর্যটক ভেসে যেতে থাকেন। তাদের পানিতে ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন।

স্থানীয়দের প্রচেষ্টায় কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়। তাদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত পাওয়া যায়। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে সৈকত এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে নাফিসুল হক নিবিড় (২২)। তবে অপর নিখোঁজ পর্যটকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ও নিখোঁজদের বিস্তারিত পরিচয় এবং ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জানার চেষ্টা চলছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor