Facebook Twitter Instagram YouTube

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬৬


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ / ০
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে আজ মঙ্গলবার এই তথ্য জানানো হয়। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৫৭ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরের প্রথম ১৯ দিনে ১১২ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৬১৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৪১৫ জন, যার ফলে এ পর্যন্ত মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৩১৬ জনে পৌঁছেছে।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৬৩৮ জন রোগী রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ১৯১ জন, খুলনা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন এবং রংপুর বিভাগে ৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy