Facebook Twitter Instagram YouTube

শীতের সবজি ও ডিমের দামে স্বস্তি, রাজধানীতে বেড়েছে মুরগির দর


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ / ০
শীতের সবজি ও ডিমের দামে স্বস্তি, রাজধানীতে বেড়েছে মুরগির দর

রাজধানীর নিত্যপণ্যের বাজারে নতুন শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি এবং ডিমের দরপতনে ক্রেতাদের মনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে সপ্তাহের ব্যবধানে মুরগির বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা গেছে। অন্যদিকে গরুর মাংস, মাছ এবং চাল, ডাল ও তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর উচ্চমূল্যে অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর রায়ের বাজার, মোহাম্মদপুর কৃষি বাজার, রামপুরা, শান্তিনগর ও সেগুনবাগিচাসহ বেশ কয়েকটি বাজার ঘুরে কেনাবেচার এমন চিত্র দেখা গেছে।

বাজারগুলোতে দেখা গেছে, ফুলকপি, বাঁধাকপি, মুলা ও শিমের মতো শীতকালীন সবজির সরবরাহ দিন দিন বাড়ছে। সরবরাহ বাড়ায় বেশ কিছু পুরোনো সবজির দাম কমেছে, তবে নতুন আসা সবজি এখনো তুলনামূলক চড়া দামেই বিক্রি হচ্ছে। বাজারে শীতের নতুন শিম প্রতি কেজি ১২০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে, যা গত সপ্তাহের চেয়ে কেজিতে প্রায় ২০ টাকা কম। এ ছাড়া প্রতি কেজি মুলা ৬০ থেকে ৮০ টাকা, আকারভেদে প্রতিটি ফুলকপি ৪০ থেকে ৬০ টাকা এবং বাঁধাকপি ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

রায়ের বাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে জানা যায়, প্রতি কেজি ফুলকপি, ঝিঙা, লাউ, কচুমুখি, পটোল, বেগুন ও কাঁকরোল ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আগাম মুলা ও ঢ্যাঁড়স মিলছে ৭০ টাকা কেজি দরে। টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে ও মিষ্টিকুমড়া; প্রতি কেজি পেঁপে ৩০ টাকা ও মিষ্টিকুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে লাউ ৩০ থেকে ৪০ টাকা এবং মানভেদে কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে মিলছে। পুরোনো সবজির মধ্যে লম্বা বেগুন ৬০ থেকে ৮০ টাকা, পটোল ও ঢ্যাঁড়স ৪০ থেকে ৬০ টাকা এবং করলা, ঝিঙা, চিচিঙ্গা ও বরবটি ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

সবজি বিক্রেতা শরিফুল ইসলাম জানান, দুই সপ্তাহ ধরে বাজারে ফুলকপি, বাঁধাকপি ও শিম আসতে শুরু করেছে এবং সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কিছুটা কমছে। বাজার করতে আসা সৌরভ আহমেদ বলেন, লাউ ও পেঁপে বর্তমানে সস্তা হলেও টমেটো ও শিমের দাম এখনো বেশি। তবে শীতের নতুন সবজি আসায় মোটামুুটি দাম কমেছে।

সবজিতে কিছুটা স্বস্তি থাকলেও মুরগির বাজারে উল্টো চিত্র দেখা গেছে। গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও এখন তা বেড়ে ১৮০ থেকে ২০০ টাকায় পৌঁছেছে। রায়ের বাজার ও মোহাম্মদপুর কৃষি বাজারে ব্রয়লারের কেজি ১৮৫ টাকা দেখা গেছে। এ ছাড়া সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩৫০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি।

রামপুরা বাজারের মুরগি ব্যবসায়ী রফিকুল ইসলাম দাম বাড়ার কারণ হিসেবে জানান, ছুটির কারণে খামার পর্যায়ে সরবরাহ কিছুটা কম ছিল। এর পাশাপাশি পরিবহন ব্যয় ও পোলট্রি ফিডের চড়া দামের কারণে আড়ত থেকে বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারে প্রভাব পড়েছে। আবার ব্রয়লার বিক্রেতা মনির হোসেন বলেন, কয়েক সপ্তাহ ধরেই ব্রয়লারের দাম ১৮০ থেকে ১৯০ টাকার মধ্যে ওঠানামা করছে এবং সোনালী মুরগির দাম সাধারণত ৩১০ থেকে ৩২০ টাকার আশপাশে থাকে।

তবে মুরগির দাম বাড়লেও বাজারে বড় স্বস্তি এনেছে ডিমের দাম। এক সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের দাম ডজনপ্রতি ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত কমেছে। গত সপ্তাহে খুচরায় বাদামি ডিমের ডজন ১৫৫ থেকে ১৬০ টাকা হলেও বর্তমানে তা কমে ১৩৫ থেকে ১৪০ টাকায় নেমেছে। সাধারণ বাজারে বাদামি ডিম ১৪০ টাকা এবং সাদা ডিম ১৩০ টাকা ডজনে মিললেও পাড়া-মহল্লার দোকানে হালিপ্রতি ৪৬ থেকে ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

মোহাম্মদপুর টাউন হলের হেলাল ট্রেডার্সের মালিক আবু হেলাল জানান, গত সপ্তাহে বাদামি ডিমের ডজন ১৫০ টাকায় বিক্রি করলেও বর্তমানে তা ১৪০ টাকা এবং সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি করছেন। ডিম ব্যবসায়ী আসাদুল্লাহ বলেন, সরকারি নজরদারি ও বাজার তদারকির কারণে পাইকারিতে সরবরাহ স্বাভাবিক হয়েছে। ছুটির কারণে চাহিদা কম থাকা এবং আড়তে মজুতের সুযোগ না থাকায় দাম কমেছে; আগামী দিনে দর আরও কমতে পারে।

এদিকে গরুর মাংসের বাজারে কোনো পরিবর্তন আসেনি, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। মাছের বাজারও আগের মতোই স্থিতিশীল রয়েছে। বাজারে প্রতি কেজি তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, কাতলা ৩৫০ থেকে ৮০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১,১০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, রুই ৪৫০ থেকে ৫০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা, শোল ৭০০ টাকা এবং চাষের শিং ৩০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছের দাম কেজিপ্রতি এক হাজার টাকার ওপরে।

মাছ বিক্রেতা মোস্তাকিন জানান, চাহিদা ও সরবরাহের ওপর মাছের দাম নির্ভর করে। শুক্রবার সকালে চাহিদা বেশি থাকায় দাম কিছুটা বাড়লেও বিকেলে কমে আসে, তা ছাড়া জ্যান্ত ও মৃত মাছের দামেও তফাত থাকে।

দুর্গাপূজার টানা ছুটির কারণে সম্প্রতি রাজধানীর বাজারগুলোতে ক্রেতার সমাগম কিছুটা কম ছিল। তবে চাল, ডাল, তেলসহ প্রধান নিত্যপণ্যের দামে এর বড় কোনো প্রভাব পড়েনি এবং সেগুলোর দাম আগের মতোই চড়া অবস্থায় রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din