Facebook Twitter Instagram YouTube

আইপিও ছাড়াই পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির নতুন খসড়া বিধিমালা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ /
আইপিও ছাড়াই পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির নতুন খসড়া বিধিমালা

পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়াই কোম্পানি তালিকাভুক্তির সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ বাই স্টক এক্সচেঞ্জ) রুলস, ২০২৬’-এর খসড়া অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত ১০২৭তম কমিশন সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গৃহীত হয়।

কমিশন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই বিধিমালাটি খুব শিগগিরই জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট এবং বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ করা হবে। নতুন এই নিয়মের আওতায় কোনো কোম্পানির বিদ্যমান শেয়ারহোল্ডারদের মালিকানাধীন শেয়ার অন্তত ১০ থেকে ২০ শতাংশ অফলোডের মাধ্যমে সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির সুযোগ তৈরি হবে।

প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, যেসব কোম্পানি এই সরাসরি তালিকাভুক্তির সুযোগ পাবে তাদের মধ্যে রয়েছে সরকারের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন প্রতিষ্ঠান। এছাড়া, যে কোম্পানির পরিশোধিত মূলধনের কমপক্ষে ১০ শতাংশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মালিকানায় রয়েছে, তারাও এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে। বিদেশি শেয়ারহোল্ডারদের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন কোম্পানিগুলোর জন্যও এই সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে, কমপক্ষে ৩০০ কোটি টাকা পরিশোধিত মূলধনসম্পন্ন বিটিআরসি-অনুমোদিত টেলিযোগাযোগ ও আইসিটি-সংশ্লিষ্ট সেবা প্রদানকারী অথবা আইসিটি অবকাঠামো বা উৎপাদনকারী কোম্পানিগুলো এই সুবিধা পাবে। পাশাপাশি, কমপক্ষে তিন বছর ধরে কার্যক্রম পরিচালনাকারী তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানি এবং কমপক্ষে ৫০০ কোটি টাকা বার্ষিক টার্নওভার বা মোট সম্পদসম্পন্ন কোম্পানিগুলোও এই সুযোগের আওতায় আসবে। তবে তালিকাভুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি ও সেন্ট্রাল কাউন্টারপার্টি নির্ধারিত অন্যান্য সব শর্ত যথাযথভাবে পূরণ করতে হবে। এসব শর্ত পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার স্টক এক্সচেঞ্জে ডাইরেক্ট লিস্টিং করা যাবে।

সভায় অন্যান্যের মধ্যে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।প্রস্তাবিত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ বাই স্টক এক্সচেঞ্জ) রুলস, ২০২৬’ অনুযায়ী, বিদ্যমান শেয়ারহোল্ডারদের মালিকানাধীন শেয়ার অফলোডের (অন্তত ১০-২০ শতাংশ) মাধ্যমে আইপিও ছাড়াই কোনো কোম্পানির সিকিউরিটিজ স্টক এক্সচেঞ্জে ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ সৃষ্টি হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin