Facebook Twitter Instagram YouTube

ডিএসসিসি’র উদ্যোগে রাজধানীতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু


প্রকাশের সময় : আগস্ট ২২, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ /
ডিএসসিসি’র উদ্যোগে রাজধানীতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু

রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব। ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে আয়োজিত এই উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে রাজধানীর মতিঝিলের মধুমিতা হলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। ঢাকার সমৃদ্ধ অতীত ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বরেণ্য চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, সাংবাদিক এবং ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহগুলোকে সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, এই উদ্যোগের প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। তিনি উল্লেখ করেন, এক সময় সারাদেশে সাড়ে আটশোর বেশি সিনেমা হল থাকলেও বর্তমানে তা অনেক কমে এসেছে। ডিজিটাল যুগে স্মার্টফোন ও আধুনিক মাল্টিমিডিয়ার সহজলভ্যতায় দর্শকদের মনোজগতে বড় পরিবর্তন এসেছে। তাই কলাকুশলীদের এখন দর্শকরুচি বিবেচনা করে সিনেমা নির্মাণ করতে হবে এবং এ খাতে সরকারকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদান করতে হবে।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিশেষ অতিথির বক্তব্যে জানান, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে পুনরায় গতিশীল করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সমঝোতা স্মারকের মাধ্যমে একযোগে কাজ করবে।

ডিএসসিসি প্রশাসক ও মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তিনি বলেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সাথে চলচ্চিত্রের গভীর সংযোগ রয়েছে। চলচ্চিত্র ছাড়া আমাদের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে যথাযথভাবে চিত্রায়িত করা সম্ভব নয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin