
ইকুয়েডরে গির্জায় প্রার্থনাসভা পরিচালনার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় ক্যাথলিক পাদ্রীর মৃত্যু হয়েছে। গত শনিবার গুয়ায়াকিল শহরের 'আওয়ার লেডি অব পারপেচুয়াল হেল্প' গির্জায় ভক্তদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় পেছনে থাকা একটি বিশাল কাঠের ক্রুশ খুলে তাঁর মাথার পেছনে ভেঙে পড়ে। নিহত পাদ্রীর নাম ফাদার প্যাট্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারি। তিনি ওই গির্জার পারিশ পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা গেছে, দুর্ঘটনার সময় পাদ্রী মোলিনারি জীবন ও মৃত্যুর ক্ষণস্থায়িত্ব ও অনিশ্চয়তা নিয়ে ভক্তদের সচেতন করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সময় অপচয় না করে ঈশ্বর ও প্রিয়জনদের সান্নিধ্যে থাকার বার্তা দিয়ে তিনি বলেন, একদিন আমাদের সবাইকে মারা যেতে হবে। কখনো কখনো মানুষ যেসব কাজে সময় ব্যয় করে, সেগুলো ঈশ্বরের সান্নিধ্যে থাকার মতো অর্থবহ হয় না বলেও তিনি মন্তব্য করেন।
বক্তব্য শেষ করে তিনি আশীর্বাদের প্রার্থনা শুরু করতেই বেদির পেছনের দেয়ালে ঝোলানো ভারী কাঠের ক্রুশটি হঠাৎ খুলে তাঁর মাথার পেছনে এসে পড়ে। গির্জায় সরাসরি সম্প্রচারিত লাইভস্ট্রিমে পুরো ঘটনাটি ধরা পড়ে। সেখানে দেখা যায়, বেদির পেছনে দাঁড়িয়ে প্রার্থনাসভা পরিচালনাকালেই এই দুর্ঘটনা ঘটে। আঘাতের পর তিনি মারাত্মকভাবে ঢলে পড়েন এবং আর উঠে দাঁড়াতে পারেননি।
হঠাৎ এমন ঘটনায় সেখানে উপস্থিত ভক্তদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই কান্নায় ভেঙে পড়েন। উদ্ধার কাজের জন্য দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হলে চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আর্চডায়োসিস অব গুয়ায়াকিল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এনবিসি নিউজ সরাসরি সম্প্রচারের ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সত্যতা সম্পর্কে বিস্তারিত জানায়, যদিও পরবর্তীতে ইন্টারনেটে থাকা লাইভস্ট্রিমের ভিডিওটি সরিয়ে নেওয়া হয়।
আপনার মতামত লিখুন :