Facebook Twitter Instagram YouTube

সিএসইতে ইডিইউ শিক্ষার্থীদের শিক্ষা সফর, জানলেন পুঁজিবাজারের খুঁটিনাটি


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ণ /
সিএসইতে ইডিইউ শিক্ষার্থীদের শিক্ষা সফর, জানলেন পুঁজিবাজারের খুঁটিনাটি

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রায় ৭০ জন শিক্ষার্থী চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) কার্যালয় পরিদর্শন করেছেন। পুঁজিবাজার সম্পর্কে বাস্তব ও প্রায়োগিক জ্ঞান অর্জনের লক্ষ্যে ‘আন্ডারস্ট্যান্ডিং বিজনেস’ শীর্ষক এই শিক্ষা সফরের আয়োজন করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, একটি কার্যকর পুঁজিবাজার গড়ে তুলতে হলে সংশ্লিষ্টদের জ্ঞান, দক্ষতা ও পেশাদারত্ব বাড়ানো জরুরি। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তরুণদের বহুমাত্রিক দক্ষতা অর্জনের তাগিদ দিয়ে তিনি আরও বলেন, এ ধরনের শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা শেয়ার লেনদেন, নিষ্পত্তি, বাজার পর্যবেক্ষণ, বিনিয়োগকারী সুরক্ষা এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারেন। এছাড়া সিএসই দেশে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে, যা দেশের পুঁজিবাজারের জন্য একটি মাইলফলক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সিএসইর জেনারেল ম্যানেজার ও রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ মর্তুজা আলম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বিনিয়োগকারী ও পুঁজিবাজারের নেতৃত্ব দেবেন। তাই শিক্ষাজীবন থেকেই পুঁজিবাজার নিয়ে গবেষণা ও বাস্তব অভিজ্ঞতা নেওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, পুঁজিবাজারে শুধু বিনিয়োগকারী হিসেবেই নয়, বরং উদ্যোক্তা, পরামর্শক, পরিকল্পনাকারী, প্রশিক্ষক ও বাজার পর্যবেক্ষক হিসেবেও ক্যারিয়ার গড়ার ব্যাপক সুযোগ রয়েছে।

ইডিইউর ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক এ কাইয়ুম চৌধুরী বলেন, যেসব শিক্ষার্থী ভবিষ্যতে পুঁজিবাজারের সঙ্গে যুক্ত হতে চান, তাদের জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সিএসইর ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ শিক্ষার্থীদের সামনে পুঁজিবাজারের বর্তমান কাঠামো, বিভিন্ন আর্থিক পণ্য, ঝুঁকি ও রিটার্ন, আর্থিক পরিকল্পনা এবং বিনিয়োগ সচেতনতা বিষয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন। এরপর সিএসইর কর্মকর্তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষার্থীরা ভবিষ্যতে এ ধরনের পুঁজিবাজারবিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বুধবার (২০ আগস্ট) চট্টগ্রামের আগ্রাবাদে সিএসইর কার্যালয়ে ‘আন্ডারস্ট্যান্ডিং বিজনেস’ শীর্ষক এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din