Facebook Twitter Instagram YouTube

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, নেতৃত্বে পলাতক রিয়ান


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ /
ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, নেতৃত্বে পলাতক রিয়ান

ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা ২৯ মিনিটে এই সংক্রান্ত তথ্য ও ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দিতে দেখা গেছে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানকে, যিনি নিজেই তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই মিছিলের ভিডিওটি পোস্ট করেছেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ৩০ জনের একটি দল হাতে জ্বলন্ত মশাল এবং একটি শোক র‌্যালির ব্যানার নিয়ে স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছে। ব্যানারটিতে কালো রঙের আবহে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং তাদের পরিবারের অন্য সদস্যদের ছবি সংবলিত ছিল। মিছিলের একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রিয়ান।

ভিডিওটি ফেসবুকে শেয়ার করে রিয়ান একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন: ‘আগস্ট ৩১ তারিখ ২০২৬, স্থান:- ফরিদপুর শহর ১৭ নং ওয়ার্ড, লক্ষিপুর। সময়:- রাত ১১.০০ মিনিট। যতবার মনে করবেন ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতি মুখ থুবড়ে পড়বে, ঠিক ততবার দ্বিগুণ শক্তি নিয়ে এক একজন রিয়ান থেকে শত শত রিয়ান, শত শত থেকে হাজার হাজার রিয়ানের জয় বাংলার স্লোগানে কম্পিত হবে ফরিদপুরের মাটি। কারণ এটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফরিদপুর। মনে রাখবেন, ফরিদপুরের মাটি শেখ হাসিনার ঘাঁটি। ফরিদপুরের মাটি ছাত্রলীগের ঘাঁটি। ২ বছরের বেশি লড়াই সংগ্রাম চলছে এবং চলবে। জীবনের শেষ রক্তবিন্দু থাকতে দেশের মাটি ছারি নাই ছারবো ও না ইনশাআল্লাহ। মরলেও এ দেশে বাঁচলে ও এ দেশের মাটিতেই বাচতে চাইবো। তামজীদুল রশিদ চৌধুরী (রিয়ান), সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর জেলা শাখা।’

উল্লেখ্য, গত জুলাই অভ্যুত্থানে ফরিদপুরে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ রয়েছে ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে। তিনি ফরিদপুরে দায়ের হওয়া একাধিক হত্যা ও বিস্ফোরক মামলার পলাতক আসামি। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি রিয়ানকেও আসামি করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, মশাল মিছিলের খবর পেয়ে পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে গিয়েছিল। তবে সেখানে গিয়ে মিছিলের কোনো আলামত বা কাউকে পাওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh