Facebook Twitter Instagram YouTube

ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ /
ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি

বিশ্বকাপ চলাকালীন বড় ধরনের বিতর্কের মুখে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা বিতর্কিতভাবে প্রত্যাহার করে নেওয়ায় এই তদন্তের দাবি উঠেছে। ইউরোপীয় পার্লামেন্টের একাধিক আইনপ্রণেতা সরাসরি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে বালোগুনের খেলার কথা ছিল না। কিন্তু ফিফা হঠাৎ করেই সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। অভিযোগ উঠেছে যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারি অ্যান্ড্রুজ, লারা ভোল্টার্স ও নিলস ফুগলসাং এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, চলমান টুর্নামেন্টের মধ্যে এভাবে নিয়ম পরিবর্তন করা খেলার ন্যায্যতার পরিপন্থি এবং এটি বিচার ব্যবস্থার বিকৃতি। রাজনৈতিক চাপের মুখে ফিফা এই সিদ্ধান্ত বদলেছে কি না, তা খতিয়ে দেখা এখন জরুরি হয়ে পড়েছে।

এখন পর্যন্ত অন্তত ৩৫ জন আইনপ্রণেতা এই তদন্তের দাবিতে সমর্থন জানিয়েছেন। তারা ইউরোপের বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, যেন ফিফার এথিকস কমিটি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে। যদিও ফিফার পক্ষ থেকে দাবি করা হয়েছে, বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণভাবে তাদের শৃঙ্খলা কমিটির নিজস্ব সিদ্ধান্ত।