Facebook Twitter Instagram YouTube

বাজেট বাস্তবায়নে উদ্ভাবনী ও দায়িত্বশীল কাজের আহ্বান অর্থমন্ত্রীর


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ /
বাজেট বাস্তবায়নে উদ্ভাবনী ও দায়িত্বশীল কাজের আহ্বান অর্থমন্ত্রীর

সম্প্রতি প্রণীত বাজেট দেশের সর্বস্তরের মানুষের কাছে সমাদৃত ও প্রশংসিত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে তিনি জোর দিয়ে বলেছেন, বাজেট তৈরির চেয়ে এর সফল বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগের কর্মকর্তাদের সাথে আয়োজিত প্রথম সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

সভায় অর্থমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষের মধ্যে আমলাতন্ত্র নিয়ে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা পরিবর্তনের সময় এসেছে। গত চার মাসের অভিজ্ঞতা থেকে তিনি উল্লেখ করেন যে, সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করলে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। প্রথাগত কাজের ধারা থেকে বেরিয়ে এসে পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে উদ্ভাবনী চিন্তাভাবনা বা 'আউট অব দ্য বক্স' উপায়ে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, সভাকে একমুখী না রেখে মুক্ত ও স্বতঃস্ফূর্ত মতপ্রকাশের সুযোগ দিতে হবে। কাজের পরিবেশকে একটি পরিবারের মতো মনে করে অভিযোগের পরিবর্তে নতুন ধারণা ও সমস্যাগুলো সরাসরি উপস্থাপনের পরামর্শ দেন অর্থমন্ত্রী। তিনি অর্থ বিভাগকে দেশের অর্থনৈতিক চালিকাশক্তির কেন্দ্রবিন্দু হিসেবে অভিহিত করে সবাইকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।

কক্সবাজারকে ঘিরে সরকারের বড় পরিকল্পনার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, অঞ্চলটিকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। এছাড়া উপকূলীয় এলাকায় উন্নয়ন কার্যক্রমে বিদ্যমান ৫০ মিটার ও ৫০০ মিটারের বিধিনিষেধ পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ, রেল যোগাযোগ চালু এবং চট্টগ্রাম থেকে উন্নত সড়ক যোগাযোগ স্থাপনের কাজ এগিয়ে চলছে। এসব অবকাঠামোর সমন্বয়ে কক্সবাজারকে একটি আধুনিক ডিজিটাল পর্যটন নগরীতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh