Facebook Twitter Instagram YouTube

দেশের সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ / ০
দেশের সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী

দেশের সকল খামারিকে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’-এর আওতায় আনা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে খুলনার দৌলতপুর আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা হাঁস-মুরগির উৎপাদন বাড়াতে চাই। খামারিরা ‘কৃষক কার্ড’-এর আওতায় এলে সরকারি সব ধরনের সেবা ও প্রয়োজনীয় সহায়তা আরও দ্রুত ও কার্যকরভাবে পাবেন।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, সরকার হাঁস-মুরগির খামার আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারভিত্তিক তরুণ উদ্যোক্তা তৈরিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। হাঁস প্রজনন খামারের সক্ষমতা বাড়াতে নানামুখী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রান্তিক পর্যায়ে খামারের সংখ্যা বাড়ানো গেলে কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন সহজ হবে। তরুণ জনগোষ্ঠীকে খামারভিত্তিক উদ্যোগে উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত এবং দৌলতপুর আঞ্চলিক হাঁস প্রজনন খামারের উপপরিচালক মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী খামার চত্বরে বৃক্ষরোপণ করেন এবং পরবর্তীতে খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কসংলগ্ন ঝিলপুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। বিকেলে তিনি রূপসা উপজেলার জাবুসা এলাকায় অবস্থিত ‘টোটাল সি ফুড প্রসেসিং ফ্যাক্টরি’ পরিদর্শন করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy