
সরকারি দায়িত্ব পালনে অবহেলা, আইনানুগ আদেশ অমান্য এবং যথাযথ অনুমোদন ছাড়া দীর্ঘসময় কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলের চার সাবেক পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এ সংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—ডিএমপির গোয়েন্দা শাখার সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) সঞ্জিত কুমার রায়, ডিএমপির সাবেক উপপুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার, সাবেক রংপুর জেলা পুলিশ সুপার মো. শাহজাহান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুক। বিভাগীয় মামলার তদন্তে তাদের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে। কারণ দর্শানোর নোটিশসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ ও সম্মতির ভিত্তিতে রাষ্ট্রপতি গত ২৭ আগস্ট তাদের বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ডিএমপির গোয়েন্দা শাখার সাবেক যুগ্ম পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়ের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা ও কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৭ সেপ্টেম্বর ২০২৪ থেকে তার বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে। একইভাবে ডিএমপির সাবেক উপপুলিশ কমিশনার মানস কুমার পোদ্দারকে কর্মস্থলে অনুপস্থিতি ও আদেশ অমান্যের দায়ে ১৮ অক্টোবর ২০২৪ থেকে বরখাস্ত করা হয়।
রংপুর জেলা পুলিশ সুপার মো. শাহজাহান ছুটি শেষে ২০২৫ সালের ১৬ জানুয়ারি কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তা করেননি এবং একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার বরখাস্তের আদেশ ১৬ জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুক ২০২৫ সালের জানুয়ারিতে নৈমিত্তিক ছুটিতে গিয়ে অসুস্থতার কথা জানিয়ে আর কাজে ফেরেননি। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয় এবং ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে তাকে বরখাস্ত করা হয়।
আপনার মতামত লিখুন :