
তহবিল সংকটের কারণে মানবিক সাহায্য সংস্থাগুলো ত্রাণ সরবরাহ কমিয়ে দেওয়ায় চলতি বছরের শেষের দিকে গাজার দুই-তৃতীয়াংশের বেশি মানুষ মারাত্মক খাদ্যঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাপী ক্ষুধা পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা ‘ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন’ (আইপিসি)।
এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শুক্রবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এক সতর্কবার্তায় জানিয়েছে, গাজার মোট জনসংখ্যার ৭০ শতাংশই বর্তমানে তাদের খাদ্যসহায়তার ওপর নির্ভরশীল। তবে সংস্থাটি আরও জানিয়েছে, পর্যাপ্ত তহবিল সংগ্রহ করা সম্ভব না হলে গাজায় তাদের খাদ্যসহায়তা কার্যক্রমে ব্যাপক ছাঁটাই করতে তারা বাধ্য হবে।
দীর্ঘ দুই বছরের তীব্র যুদ্ধ, বারবার বাস্তুচ্যুত হওয়ার ঘটনা এবং ত্রাণ সরবরাহের ওপর ইসরায়েলের কঠোর বিধিনিষেধের কারণে গাজার অধিকাংশ মানুষ এখন বেঁচে থাকার জন্য ত্রাণের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :