Facebook Twitter Instagram YouTube

গাজীপুরে যুবলীগের মিছিল থেকে ৮ আটক, উত্তেজনা


প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ / ০
গাজীপুরে যুবলীগের মিছিল থেকে ৮ আটক, উত্তেজনা

গাজীপুরের শ্রীপুর থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে আটজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের শেষ মুহূর্তে এ ঘটনা ঘটে। আটকদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।

আটককৃতরা হলেন রানা, জয়, কনিক, সতেজ, মমিন, জুনাইদ, আতিকুর ও আরিফ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যুবলীগের মিছিলে আসার কথা স্বীকার করেছেন। তাৎক্ষণিকভাবে জানা গেছে, তাদের বাড়ি উপজেলার মাস্টারবাড়ি ও বাঘের বাজার এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টা বাজার কিছু সময় আগে জুমার নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে আসছিলেন। এ সময় বেশ কিছু যুবক শ্রীপুর থানার সামনে জড়ো হতে শুরু করে। একপর্যায়ে অর্ধশতাধিক যুবক শেখ মুজিবুর রহমান ও যুবলীগের নেতাদের ছবি সম্বলিত ফেস্টুন ও ব্যানার নিয়ে মিছিল শুরু করে।

মিছিলের খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিএনপির নেতাকর্মীরা ধাওয়া করলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালাতে থাকে। এ সময় বিএনপির নেতাকর্মীরা আটজনকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে বিএনপির নেতাকর্মীরা পৌর শহরে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ পৌর শহরে মিছিল বের করেছিল। এ সময় আটজনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, দীর্ঘ দুই বছর পর গত ১৭ অক্টোবর সকালে শ্রীপুর পৌর শহরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ প্রথম মিছিল করেছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy