
যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধ এখনই শেষ করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে তিনি মন্তব্য করেন যে, বর্তমানে ইরান শক্তি ও মর্যাদার এক শক্তিশালী অবস্থানে রয়েছে। পেজেশকিয়ানের মতে, কূটনৈতিক আলোচনা স্থবির অবস্থায় থাকলেও যুদ্ধ বন্ধ করার এটিই উপযুক্ত সময়। তিনি আরও বলেন, ‘আমরা এখন শক্তি ও মর্যাদার অবস্থানে আছি। তাই যুদ্ধটি এখনই শেষ করা আমাদের জন্য ভালো হবে।’
ইরানের প্রেসিডেন্ট দাবি করেন, বিশ্ব এখন ইরানের বিজয় স্বীকার করে নিয়েছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগ তোলেন। তার ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র ইরানের স্কুল, হাসপাতাল ও বিভিন্ন অবকাঠামোয় হামলা চালিয়েছে, যার ফলে বিশ্বজুড়ে দেশটির প্রতি এক বিরূপ মনোভাব তৈরি হয়েছে।
এর আগে জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি সমঝোতা স্মারক নিয়ে দেশের কট্টরপন্থি এমপিদের সমালোচনার মুখে পড়েছিলেন পেজেশকিয়ান। কট্টরপন্থিদের অভিযোগ ছিল যে, ওই সমঝোতায় ইরান যুক্তরাষ্ট্রকে বাড়তি ছাড় দিয়েছে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট বলেন, ‘এই চুক্তিতে এমন একটি ধারাও তারা দেখাতে পারবে না, যা আত্মসমর্পণের ইঙ্গিত দেয়। সব প্রতিশ্রুতিই অন্য পক্ষের জন্য প্রযোজ্য।’
এদিকে, সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোনো হুমকি সৃষ্টি হলে পাল্টা হামলার জন্য ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেছে দেশটির সামরিক নেতৃত্ব। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি জানান, স্থল, সমুদ্র, আকাশ, আকাশ প্রতিরক্ষা ও সাইবার—সব ক্ষেত্রেই ইরানের পূর্ণ প্রস্তুতি রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন কোনো হুমকি এলে শত্রুকে কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :