
মাদকবিরোধী অভিযানের নামে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে জনসম্মুখে প্রদর্শনের ঘটনাকে ত্রাসের রাজত্বের ইঙ্গিত বলে আখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী। এই কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিমন্ত্রী তার শপথ ভঙ্গ করেছেন বলে দাবি করেছে দলটি।
রোববার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর দেশে মাদকের বিস্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। বর্তমান সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ব্যর্থতা ঢাকতে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য কৃত্রিম তৎপরতা চালাচ্ছেন। এরই অংশ হিসেবে গেন্ডারিয়ায় ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করা হয়েছে, তা ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ।
অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, অস্ত্র আইন অনুযায়ী নিজের নিরাপত্তা ছাড়া কোনো ব্যক্তি বৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন থাকা সত্ত্বেও একজন প্রতিমন্ত্রীর আইন নিজের হাতে তুলে নেওয়া, জনমনে ভীতি সৃষ্টি করা এবং তার দেহরক্ষীদের এমন আগ্রাসী ভূমিকা অনাকাঙ্ক্ষিত, আইনবিরোধী এবং অনভিপ্রেত। আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রীর ভূমিকা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ইশরাক হোসেন নিজের আইনবিরোধী কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করে ত্রাসের রাজত্ব কায়েমের যে অভিপ্রায় ব্যক্ত করেছেন, তা অগ্রহণযোগ্য। তার এই কর্মকাণ্ড সন্ত্রাসীদের উৎসাহিত করবে এবং জনগণ এটি ভালোভাবে নেবে না। জামায়াতের পক্ষ থেকে সরকারের সব পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক নির্মূলসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :