
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও’ জাতির কাঁধ থেকে সরে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর মিন্টো রোডে নিজ সরকারি বাসভবনে রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিল রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ। তার মতে, ২০২৪ সালের গণহত্যার ঘটনায় সদ্য সাবেক রাষ্ট্রপতি নীরব সহযোগীর ভূমিকা পালন করেছেন। তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রপতি পূর্বে প্রকাশ্যে বলেছিলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি সেই বক্তব্য থেকে সরে এসে ভিন্ন অবস্থান গ্রহণ করেন, যা তার সাংবিধানিক শপথের পরিপন্থী।
দেরিতে হলেও রাষ্ট্রপতির পদত্যাগ বাস্তবায়িত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, এই পদত্যাগের মাধ্যমে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। একই সঙ্গে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রতি জামায়াতে ইসলামীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং আশা প্রকাশ করেন যে তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।
পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় না যিনি তোষামোদ বা চাটুকারিতার সঙ্গে যুক্ত। বরং তিনি একজন নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে এই পদে নিয়োগ দেওয়ার আহ্বান জানান।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আপনার মতামত লিখুন :