Facebook Twitter Instagram YouTube

সাংবাদিক মশিউর রহমান হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ৭:৩১ পূর্বাহ্ণ /
সাংবাদিক মশিউর রহমান হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

রংপুরের স্থানীয় দৈনিক যুগের আলোর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমানকে হত্যার দায়ে তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন আদালত। গতকাল দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এই রায় প্রদান করেন।

আদালতের রায়ে রুবেল ওরফে হেকরমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এলিন ও শুভ কুমার নামের অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। তবে দণ্ডপ্রাপ্ত এই তিন আসামি বর্তমানে পলাতক রয়েছেন। এই মামলায় মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত মাদককারবারি জহিরন আক্তার জুঁই ওরফে গেদিকে আদালত খালাস দিয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান রংপুরে তার কর্মস্থল দৈনিক যুগের আলো কার্যালয়ে যান। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। পরদিন সকালে নগরীর ধর্মদাস এলাকায় একটি গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা নুরজাহান বেগম নুরী রংপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে পুলিশ শুরুতে ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলেও পরবর্তীতে আদালত ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy