Facebook Twitter Instagram YouTube

৯০ বছরের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ হিসেবে ৫০ গোল ইয়ামালের


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ৬:০১ পূর্বাহ্ণ /
৯০ বছরের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ হিসেবে ৫০ গোল ইয়ামালের

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে এক রূপকথার রাতে ফুটবলবিশ্ব দেখল নতুন ইতিহাস। তরুণ তুর্কি লামিনে ইয়ামাল ও ব্রাজিলের উইঙ্গার রাফিনিয়ার জোড়া গোলে রায়ো ভায়েকানোকে ৫-২ ব্যবধানে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে স্প্যানিশ ফুটবলে সব মিলিয়ে ৫০ গোলের এক অবিশ্বাস্য মাইলফলক গড়েছেন ইয়ামাল।

ম্যাচের শুরুর দিকে রায়ো ভায়েকানো অবশ্য চমক দিয়েছিল। ম্যাচের ১২তম মিনিটে সের্হিও ক্যামেলোর দারুণ লক্ষ্যভেদে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা। তবে হান্সি ফ্লিকের শিষ্যরা দ্রুতই ঘুরে দাঁড়ায়। ১৯তম মিনিটে রাফিনিয়া সমতা ফেরানোর পর ২১তম মিনিটে ইয়ামাল গোল করে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। চলতি মৌসুমে তরুণ এই উইঙ্গারের এটি ছিল প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে ইয়ামাল ও রাফিনিয়া দুজনেই নিজেদের জোড়া গোল পূর্ণ করেন। এছাড়া রায়ো ডিফেন্ডার ফ্লোরিয়ান লেজেউনের এক আত্মঘাতী ভুলে ব্যবধান আরও বাড়ে, আর ক্যামেলো রায়োর হয়ে নিজের দ্বিতীয় গোলটি করে হারের ক্ষত সামান্য কমান। এই টানা তিন জয়ে লিগ টেবিলের চূড়ায় এখন বার্সেলোনা, যারা শেষ তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১২টি গোল দিয়েছে।

৫০ গোলের এই মহাকাব্যিক মাইলফলকে পৌঁছাতে ইয়ামালের বয়স লেগেছে মাত্র ১৯ বছর ৪৯ দিন। এর মাধ্যমে তিনি ভেঙেছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউল গঞ্জালেসের (১৯ বছর ২৪৯ দিন) রেকর্ড। পেছনে ফেলেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক তারকা ফার্নান্দো তোরেসকেও (২০ বছর ২২১ দিন)।

বার্সেলোনার ইতিহাসের পাতাতেও এটি নতুন অধ্যায়। ১৯৩৫ সালে ২০ বছর ৩৫৬ দিন বয়সে ৫০ গোল করে ৯০ বছর ধরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন প্রয়াত ফরোয়ার্ড জোসেফ এসকোলা। ইয়ামাল সেই রেকর্ড ভেঙে নিজের করে নিলেন। এমনকি ক্লাব ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসিও ২১ বছর ১২০ দিন বয়সের আগে ৫০ গোল করতে পারেননি। এছাড়া ইউরোপের সেরা পাঁচ লিগের হিসেবে আধুনিক সময়ের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হাল্যান্ডকেও টপকে সবচেয়ে কম বয়সে ৫০ গোলের রেকর্ড এখন এই স্প্যানিশ সেনসেশনের ঝুলিতে। বার্সার জার্সি গায়ে ১৫৪ ম্যাচে মাঠে নেমে ১২৬ বার শুরুর একাদশে থাকা ইয়ামাল এখন পর্যন্ত মোট ৫১টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪৫টি গোল।

ইউরোপের সেরা পাঁচ লিগের হিসেবে আধুনিক সময়ের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে (১৯ বছর ২৪১ দিন) ও আর্লিং হাল্যান্ডকেও (২০ বছর ১৯৬ দিন) টপকে সবচেয়ে কম বয়সে ৫০ গোলের রেকর্ড এখন এই স্প্যানিশ সেনসেশনের ঝুলিতে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh