
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির বিষয়টি জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সবসময়ই দাবি করবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী তা পুরোপুরি উন্নীত করতে আরও সময়ের প্রয়োজন রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর মাত্র ছয় মাস অতিবাহিত হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে সরকার বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ জনগণ প্রত্যক্ষ করেছে।
সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার অত্যন্ত সফলতার সঙ্গে বেশ কিছু সংকটময় পরিস্থিতি মোকাবেলা করেছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সংকট দেখা দিলেও বাংলাদেশ তা মোকাবেলা করেছে। তিনি জানান, সরকার দীর্ঘ এক মাস কোনো জ্বালানি বা গ্যাসের মূল্য বৃদ্ধি করেনি এবং বোরো মৌসুম শেষে সহনীয় মাত্রায় দাম সমন্বয় করেছে।
তিনি আরও বলেন, বর্তমান গ্যাস ও জ্বালানি সংকট বিগত ফ্যাসিবাদী আমলের রেখে যাওয়া সমস্যা। রাতারাতি এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়। বর্তমানে সরকার সফলভাবে এসব সমস্যা মোকাবেলার চেষ্টা করছে এবং ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মজুদ ও সরবরাহের বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
আজ সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আপনার মতামত লিখুন :