Facebook Twitter Instagram YouTube

মাগুরায় যুবদল নেতার খুলিতে বুলেট, হত্যার দাবি পরিবারের


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ / ০
মাগুরায় যুবদল নেতার খুলিতে বুলেট, হত্যার দাবি পরিবারের

মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে নিহত যুবদল নেতা শাকের হোসেনের (৩৯) মাথার খুলির ভেতর থেকে একটি বুলেট পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে আজ বুধবার দুপুরে চিকিৎসক ও পুলিশের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে চিকিৎসকেরা ধারণা করছেন, গুলির আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান এ বিষয়ে বলেন, মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে শাকের হোসেনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকেরা মাথার খুলির ভেতরে বুলেট পাওয়ার কথা জানিয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।

নিহত শাকের হোসেন মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং কাউন্টার মাস্টার হিসেবে কাজ করতেন। তিনি মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী ব্যাপারীপাড়ার মৃত কুতুবউদ্দিনের ছেলে। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে পারনান্দুয়ালী বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রথমে পরিবারের সদস্যরা অসুস্থতাজনিত মৃত্যু মনে করে মরদেহ বাড়িতে নিয়ে যান। তবে গোসলের প্রস্তুতির সময় মাথার পেছনে ক্ষতচিহ্ন দেখতে পেয়ে তাঁরা পুলিশকে খবর দেন। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাস টার্মিনালের প্রবেশমুখে জেলা পুলিশের স্থাপিত একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। ওই ক্যামেরার অডিওতে ঘটনার সময় দুটি গুলির শব্দ শোনা গেছে। ঘটনার কাছাকাছি সময়ে কয়েকটি মোটরসাইকেল ও ইজিবাইক টার্মিনালে ঢুকতে ও বের হতে দেখা যায়। তবে সিসিটিভি ক্যামেরার মুখ যেদিকে, ওই কাউন্টারের অবস্থান আড়ালে হওয়ায় ঘটনার ছবি ধরা পড়েনি। হত্যাকাণ্ডের সময় কাউন্টারের ভেতরে বাসে ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষারত দুই যাত্রী ছিলেন। তাঁদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে। পুলিশের প্রাথমিক ধারণা, একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে শাকেরকে গুলি করে পালিয়ে যায়। তবে হামলাকারীদের পরিচয়, হত্যার উদ্দেশ্য এবং ব্যবহৃত অস্ত্র সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনের পর আজ দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে যান। তিনি সাংবাদিকদের বলেন, ‘ময়নাতদন্তের পর চিকিৎসকেরা শাকেরের মাথার খুলির ভেতরে বুলেট পাওয়ার কথা জানিয়েছেন। সকাল থেকেই প্রত্যক্ষদর্শীরা গুলির কথা বলছিলেন। আমরাও এটিকে টার্গেট কিলিং বলে দাবি করছিলাম। এখন গুলি পাওয়ায় বিষয়টি নিশ্চিত হওয়া গেল।’ সংসদ সদস্য আরও বলেন, হত্যাকাণ্ডে বড় কোনো চক্র জড়িত থাকতে পারে। তিনি জড়িতদের শনাক্ত করে ঘটনার মূল কারণ উদ্‌ঘাটনের জন্য পুলিশ প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি চব্বিশের গণ–অভ্যুত্থানের সহিংসতায় ব্যবহৃত অবৈধ অস্ত্রের সন্ধান বের করারও দাবি জানান তিনি।

দুপুরে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীও মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে যান। সকাল থেকেই হাসপাতাল ও বাস টার্মিনাল এলাকায় বিএনপির নেতা–কর্মীদের উপস্থিতি দেখা যায়। দুপুর ১২টার দিকে হত্যাকাণ্ডের বিচার দাবিতে টার্মিনাল এলাকায় মিছিল করেন তাঁরা। এ সময় কিছুক্ষণ ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

নিহত শাকের হোসেনের বাড়িতে গিয়ে আজ দুপুরে তাঁর স্ত্রী শারমিন আক্তার রুমা, ভাই ও স্বজনেরা কান্নাকাটি করছিলেন। শারমিন আক্তার রুমা বারবার আহাজারি করে বলেন, তাঁদের দুই সন্তান, একজন পঞ্চম শ্রেণিতে ও অন্যজন নার্সারিতে পড়ে। রুমা জানান, প্রতিদিন ভোরে শাকের কাউন্টারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতেন। স্বামীর সঙ্গে কারও বিরোধ ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও সঙ্গে খারাপ সম্পর্ক ছিল বলে তাঁর জানা নেই। শাকের সবার সঙ্গে মিশতেন, কারও প্রতি হিংসা ছিল না বলেও দাবি করেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে রুমা বলেন, ‘কে আমার স্বামীকে নিয়ে গেল, আপনারা বের করে দেন। যে এই কাজ করেছে, তাকে খুঁজে বের করে আমার সামনে আনুন।’ দুই সন্তানকে নিয়ে কীভাবে চলবেন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, স্বামীকে হারিয়ে সন্তানদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo