
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন হলো শুভ মহালয়া। এই মহালয়ার মাধ্যমেই দেবীপক্ষের সূচনা হয়েছে। ধর্মীয় রীতি অনুযায়ী, শ্রীশ্রী চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। এই চণ্ডীপাঠে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা ও প্রশস্তি বর্ণিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) মহালয়া উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির এবং স্বামীবাগের লোকনাথ ব্রহ্মচারী আশ্রম উল্লেখযোগ্য।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকালে মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের পর সনাতন ধর্মাবলম্বীরা তাদের পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ করবেন। এরপর সেখানে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজার কর্মসূচি রয়েছে।
মহালয়ার মধ্য দিয়েই দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ায় দেবী দুর্গার ঘট স্থাপন করা হয়, যার মাধ্যমে কৈলাস থেকে মর্ত্যে দেবীর আগমনের প্রতীকী সূচনা ঘটে।
আপনার মতামত লিখুন :