Facebook Twitter Instagram YouTube

প্রশাসনে বড় রদবদল: সচিব পদে পদোন্নতি ও নতুন দায়িত্ব


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ /
প্রশাসনে বড় রদবদল: সচিব পদে পদোন্নতি ও নতুন দায়িত্ব

বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রশাসনের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পদায়ন করা হয়েছে। একইসাথে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে সচিব পদে পদোন্নতি দিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে স্বাস্থ্যসেবা বিভাগের চুক্তিভিত্তিক সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) নাসরীন জাহানকে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর তার ৫৯ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসরে যাবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্ট হিসেবে পাবেন এবং ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৫ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি বা পিআরএল মঞ্জুর করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor