Facebook Twitter Instagram YouTube

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: মেজর হাফিজ


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ / ০
আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: মেজর হাফিজ

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, আওয়ামী লীগকে এ দেশের মানুষ আর কখনো রাজনীতি করতে দেবে না। তিনি দলটিকে দুর্নীতিবাজ ও সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে বলেন, ক্ষমতায় থাকাকালে তারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। বুধবার বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তঃসংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

মেজর হাফিজ ২০০১ সালের নির্বাচনের স্মৃতিচারণ করে বলেন, সেই নির্বাচনে শেখ হাসিনা তোফায়েল আহমেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে দিয়েছিলেন। তবে তোফায়েল আহমেদের পরাজয়ের পর শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন যে, নির্বাচনে জয়ী হওয়া কঠিন। এরপর ঢাকা থেকে একজন সন্ত্রাসীকে এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানো হয়। ওই ব্যক্তি দুর্নীতির মাধ্যমে লালমোহনে ৫০০ বিঘা জমি এবং ঢাকায় একাধিক বাড়ি করেছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও জানান, ৫ই আগস্টের পর সেই ব্যক্তি সবকিছু ফেলে পরিবারসহ দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিন, ওসি মো. মিজানুর রহমান এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে মেজর হাফিজ তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তর এবং মেঘনার পাড়ে বিনোদনের জন্য একটি পার্ক নির্মাণের পরিকল্পনার কথা জানান। এছাড়া সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে চরমোজাম্মেল এলাকার সালাউদ্দিন ডাকাত নামে পরিচিত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগের জন্যও তিনি প্রশাসনকে দিকনির্দেশনা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানের আগে তিনি উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh