Facebook Twitter Instagram YouTube

বাদ পড়া এলাকায় হাম-রুবেলার টিকা দেওয়া হবে, মজুত ১৬ লাখ


প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ /
বাদ পড়া এলাকায় হাম-রুবেলার টিকা দেওয়া হবে, মজুত ১৬ লাখ

দেশের যেসব ছোট ছোট এলাকায় শিশুরা এখনো হাম-রুবেলার টিকা পায়নি, সেখানে এই টিকা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি হামের রোগী ব্যবস্থাপনা আরও জোরদার করার লক্ষ্যে চিকিৎসা নির্দেশিকা ব্যাপকভাবে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে এবং চিকিৎসকদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

গত রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মো. কামরুজ্জামান চৌধুরী জানান, সভায় হামের বর্তমান পরিস্থিতি ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, 'কিছু পকেটে বা ছোট ছোট এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশু টিকা পায়নি। তাদের সবাইকে টিকা দেওয়া হবে। আমাদের কাছে এখনো ১৬ লাখ টিকা আছে।'

সভায় হামে আক্রান্তদের বয়সভিত্তিক পরিসংখ্যান তুলে ধরা হয়। এতে দেখা যায়, আক্রান্তদের ১০ শতাংশের বয়স ছয় মাসের কম, ৭৪ শতাংশের বয়স ছয় মাস থেকে ৫৯ মাস, ১৪ শতাংশের বয়স পাঁচ থেকে ১০ বছর এবং বাকি ২ শতাংশের বয়স ১০ থেকে ১৪ বছর বা তার চেয়ে বেশি। যদিও ছয় মাসের কম বয়সী এবং পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হলেও তাদের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সভায় উপস্থিত একাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, হামের ক্লিনিক্যাল গাইডলাইন আগে চূড়ান্ত হলেও এখন তা ব্যাপকভাবে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে চিকিৎসকদের এই গাইডলাইন বিষয়ে প্রশিক্ষণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করতে মাঠপর্যায়ে শূন্য পদে লোক নিয়োগের বিষয়ে সভায় জোর দেওয়া হয়েছে। এছাড়া আগামী বছর টিকার কোনো ঘাটতি যেন না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আলোচনাও হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৫ এপ্রিল থেকে ১৭ আগস্ট পর্যন্ত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৯১২ শিশুকে হামের এক ডোজ টিকা দেওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh