
চলতি বছরের প্রথম আট মাসে মৌলভীবাজারের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮৩০ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৪৭৭ টাকা সমমূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।
ব্রিফিংয়ে জানানো হয়, গত ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত শ্রীমঙ্গল ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে চারটি পিস্তল, ছয়টি এয়ারগান, পাঁচটি পাইপগান এবং একটি ওয়ান শুটার গান। এ ছাড়া অভিযানে ৪০ রাউন্ড কার্তুজ, ১৮ দশমিক ৩৩ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সরাইল রিজিয়নের অধীনে ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় ১৩টি ইউনিটের ২১১টি বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান বিরোধী কার্যক্রম পরিচালিত হচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে শৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান ও অস্ত্র পাচার রোধ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বিজিবি অঙ্গীকারবদ্ধ। এছাড়া স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রমও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :