
জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিনে ব্যাটারদের দাপটে বেশ কিছু রেকর্ড ও মাইলফলক স্পর্শ হয়েছে। রাজশাহীর হয়ে খেলা নাঈম আহমেদ প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন তিনি। তার আগে তাইবুর রহমান, মোসাদ্দেক হোসেন, তাওহিদ হৃদয় এবং আবদুল্লাহ আল মামুন প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছিলেন। নাঈমের অনবদ্য এই ডাবল সেঞ্চুরির সুবাদে রাজশাহী প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৫৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৪৯ রান করা বরিশাল মাত্র ২১ রানের লিড পেয়েছে।
একই ম্যাচে ২২ বলে ফিফটি করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন জাওয়াদ আবরার। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এটিই এখন পর্যন্ত দ্রুততম ফিফটির নতুন রেকর্ড। এর আগে ২০১৪-১৫ মৌসুমের জাতীয় লিগে ২৪ বলে পঞ্চাশ রান করে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন জিয়াউর রহমান।
অন্যান্য ম্যাচের চিত্রও ছিল বেশ ঘটনাবহুল। কক্সবাজারে ঢাকা ও ময়মনসিংহের ম্যাচে ঢাকা দিন শেষ করেছে ৯ উইকেটে ৩৪২ রান নিয়ে। ঢাকার অধিনায়ক নাঈম শেখ ১৩৫ রান করেছেন এবং তাইবুর রহমান করেছেন ৯৩ রান। ময়মনসিংহের অধিনায়ক রাকিবুল হাসান ৪ উইকেট শিকার করেছেন। এছাড়া সিলেটে চট্টগ্রামের বিপক্ষে আজিজুল হাকিম তামিম প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি পেয়েছেন। তিনি দ্বিতীয় ইনিংসে ১৪৭ বলে ১৪২ রান করেন, যেখানে ছিল ৯টি চার ও ১০টি ছক্কা।
এদিকে খুলনার দ্বিতীয় ইনিংস ৩২৩ রানে অলআউট হয়েছে। ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম দিন শেষে ৫ উইকেটে ১৭৪ রান তুলেছে। চট্টগ্রামের হয়ে মাহমুদুল হাসান ৬০ এবং সাদিকুর রহমান ৭৬ রান করেছেন। খুলনার বাঁহাতি স্পিনার রাকিব হাওলাদার ৪টি উইকেট নিয়েছেন। চট্টগ্রামে তৃতীয় দিন শেষে রংপুর থেকে ২০৮ রানে এগিয়ে আছে সিলেট। সারাদিন ব্যাট করা দলটি ৮ উইকেটে ২৩৫ রান তুলেছে এবং অমিত হাসান ৯৪ রানে অপরাজিত আছেন।
রাজশাহী ১ম ইনিংস: ৪৫৭/৭ডি. (নাঈম ২০২*, মেহেরব ৫৭, রুয়েল ৩/১০০)
আপনার মতামত লিখুন :