নওগাঁর মান্দা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিংয়ের ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে মাইকিংয়ের কাজে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৪৩)। তিনি ১২নং কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। অপরজন নবগ্রাম তালাপাড়া গ্রামের মৃত গমা সরকারের ছেলে আব্দুল জলিল সরকার (৫০)। তিনি মান্দা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন নওগাঁ-রাজশাহী জেলার বর্ডার এলাকায় খোলা মাঠের রাস্তায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন, এই মর্মে ১৮ সেকেন্ডের একটি মাইকিং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ওই ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে জেলা পুলিশ কাজ শুরু করে। তারই ধারাবাহিকতায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গত রাতেই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল জলিল সরকারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহিদুল ইসলাম শহীদ পুলিশের কাছে স্বীকার করেছেন যে তিনি বিষয়টি জানতেন।
এসপি তারিকুল ইসলাম আরও জানান, নওগাঁ জেলাকে অস্থিতিশীল করার চেষ্টা যারা করবে, জেলা পুলিশ তাদের কঠোর হস্তে দমন করবে। মাইকিংয়ের ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :