Facebook Twitter Instagram YouTube

নাটোরে সড়ক দুর্ঘটনায় শরীয়তপুরের ৫ ব্যবসায়ীর মৃত্যু


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ / ০
নাটোরে সড়ক দুর্ঘটনায় শরীয়তপুরের ৫ ব্যবসায়ীর মৃত্যু

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে শরীয়তপুরের জাজিরা উপজেলার পাঁচজন ব্যবসায়ী রয়েছেন। মঙ্গলবার ভোরে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীরা হলেন—জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর মাদবরকান্দি এলাকার জহির উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর, ডুবিসায়বর মোল্যাকান্দি এলাকার জাহান উদ্দিন মোল্যার ছেলে সালাল মোল্যা, ডুবিসায়বর কাজিরহাট এলাকার ইউনুস শিকদারের ছেলে সোহাগ শিকদার, কাজিরহাট এলাকার ভুসিমাল ব্যবসায়ী সামাদ ফকির এবং পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকার রাজ্জাক বেপারির ছেলে হলুদ ব্যবসায়ী শাহিন বেপারী। তারা সবাই দীর্ঘদিন ধরে কাজিরহাটসহ জাজিরার বিভিন্ন এলাকায় কৃষিপণ্য ও ভুসিমালের ব্যবসা করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়িক প্রয়োজনে মঙ্গলবার ভোরে তারা রাজশাহীর তাহেরপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন। সেখানে গিয়ে ভুট্টা, পেঁয়াজ, রসুন, ধনিয়াসহ বিভিন্ন কৃষিপণ্য কেনার পরিকল্পনা ছিল তাদের। সংগৃহীত এসব পণ্য জাজিরার স্থানীয় বাজারে বিক্রির কথা ছিল তাদের। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই সরকারপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে তাদের বহনকারী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। এই ঘটনায় মোট ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে, একসঙ্গে পাঁচ ব্যবসায়ীর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে তাদের পরিবার, স্বজন ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কাজিরহাটের ব্যবসায়ী দিদার সরদার জানান, নিহতদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল এবং এমন মৃত্যু খুবই কষ্টদায়ক।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহম্মেদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার বিষয়টি তিনি জেনেছেন। তবে নাটোরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। প্রয়োজনীয় তথ্য ও মরদেহ জাজিরায় আনার বিষয়ে নিশ্চিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin