Facebook Twitter Instagram YouTube

পদ্মা সেতুতে বাস দুর্ঘটনা: ক্ষতিগ্রস্ত রেলিং মেরামতে খরচ ২ লাখ টাকা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ /
পদ্মা সেতুতে বাস দুর্ঘটনা: ক্ষতিগ্রস্ত রেলিং মেরামতে খরচ ২ লাখ টাকা

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সেতুর পূর্ব পাশের রেলিংয়ের প্রায় ৫০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার বেলা সোয়া একটার দিকে মাগুরা থেকে ঢাকাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর দুই পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানিয়েছেন, এ ঘটনায় রেলিংয়ের পশ্চিম পাশে তেমন ক্ষতি না হলেও পূর্ব পাশের ব্যারিয়ারের ওপরের ৫০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সেতুর সড়কে কিছু দাগ পড়লেও তা গুরুতর নয়। ক্ষতিগ্রস্ত এই অংশ মেরামতে ছয় থেকে সাত দিন সময় লাগতে পারে এবং এতে দেড় লাখ থেকে দুই লাখ টাকা ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ১টা ১৫ মিনিটের দিকে বাসটি মাওয়া প্রান্তে আসার সময় অন্য একটি বাসকে অতিক্রম করার চেষ্টা করে। অতিরিক্ত গতিতে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডানে-বামে দুলতে থাকে এবং একপর্যায়ে ঢালের ওপর দিয়ে পিছলে গিয়ে রেলিংয়ে আঘাত করে উল্টে যায়। দুর্ঘটনার সময় সেতুর ওপর থাকা যানবাহনগুলোর গতি ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার ছিল, অথচ সেতুর ওপর যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল বেলা ১টা ৩৭ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীরা বাসের ভেতর থেকে আটজন আহত যাত্রীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনার পর সেতুর ওপর প্রায় ৮ থেকে ১০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস, সেতু কর্তৃপক্ষের টহল গাড়ি ও রেকারের সহায়তায় বেলা আড়াইটার দিকে বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি পদ্মা উত্তর থানায় রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo