Facebook Twitter Instagram YouTube

পটুয়াখালীতে ফুটবল খেলা নিয়ে বিরোধে তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ


প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ / ০
পটুয়াখালীতে ফুটবল খেলা নিয়ে বিরোধে তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ

পটুয়াখালী সদর উপজেলার নির্মাণাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ প্রকল্প (ইপিজেড)–সংলগ্ন মহাসড়কের পাশ থেকে আব্বাস সিকদার (১৯) নামের এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত আব্বাস সিকদার সদর উপজেলার ইপিজেড–সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম সিকদারের ছেলে। পরিবারের অভিযোগ, ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে ইপিজেড এলাকার বালুর মাঠে স্থানীয়দের উদ্যোগে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা শেষে আব্বাসের সঙ্গে প্রতিপক্ষ দলের সদস্যদের বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার এ বিরোধের জের ধরে আবারও সংঘর্ষের সূত্রপাত হয়। আব্বাসের বাবা রফিকুল ইসলাম জানান, বিরোধী পক্ষের লোকজন তাঁর ভাগনে সাব্বির হোসেনের কাছে অভিযোগ করলে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় আব্বাসের সঙ্গে সাব্বিরের হাতাহাতি হয়। একপর্যায়ে সাব্বির ও তাঁর লোকজন আব্বাসকে মারধর করেন এবং তাঁর মোটরসাইকেল ভাঙচুর করেন।

রফিকুল ইসলাম আরও বলেন, পরে তাঁর ছেলে বিরোধী পক্ষের লোকজনের ওপর হামলা করতে বাড়ি থেকে বের হলে তিনি বাধা দেন এবং ছেলেকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। পরদিন বৃহস্পতিবার বন্ধু রুবেলের সঙ্গে আব্বাস পাশের মরিচবুনিয়া ইউনিয়নের বাজারঘোনা গ্রামে যান এবং সেখানে একটি বাড়িতে রাত কাটান। বিরোধী পক্ষের লোকজন তাঁদের অবস্থানের খবর পেয়ে ওই বাড়িতে হামলা চালান। এরপর শুক্রবার রাতে মহাসড়কের পাশে আব্বাসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর বাবা।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে এটি হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেডিক্যাল প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আব্বাসের বাবা বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন ওসি। ঘটনার পর থেকে সাব্বির হোসেন এলাকা ছেড়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo