
গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলুর বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সূর্যনারায়ণপুর গ্রামে ঢাকা-কাপাসিয়া সড়কসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
যুবদল নেতা ফরিদুল আলম বুলু জানান, রাত একটার দিকে তার বাড়ির উত্তর পাশে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। ঘরের জানালা খোলা থাকায় বিস্ফোরণের পর একটি বোমার অংশ ঘরের ভেতরে ছিটকে আসে। এ সময় তার হাতে ছ্যাকা লাগে। এছাড়া বিস্ফোরণের আগুন বারান্দায় থাকা ত্রিপলে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত উদ্ধার করেছে। গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব খন্দকার আজিজুর রহমান পেরা এই ঘটনাকে পরিকল্পিত হামলার অংশ হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেন, এর আগেও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা শারমিন সুলতানার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :