
পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটির কারণে বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে। সাইবার হামলাকারীরা এই ত্রুটির সুযোগ নিয়ে কোনো পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে প্রবেশের সক্ষমতা অর্জন করতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। গত বুধবার পিএইচপি প্রকল্পের ডেভেলপাররা এই ত্রুটি সংশোধনের জন্য একটি আপডেট প্রকাশ করেছেন এবং ব্যবহারকারীদের দ্রুত তা ইনস্টল করার পরামর্শ দিয়েছেন।
বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটে পিএইচপি ব্যবহৃত হয়, তাই এই নিরাপত্তা ত্রুটিকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে দেখা হচ্ছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘উইজ’-এর মতে, এটি পিএইচপির ইতিহাসের অন্যতম গুরুতর ত্রুটি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে নিরাপত্তা আপডেট করার নির্দেশ দিয়েছে এবং সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ সিস্টেমে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখার পরামর্শ দিয়েছে। এনএসএ জানিয়েছে, হামলাকারীরা এই সুযোগ ব্যবহার করে সার্ভারের ফাইল, ডেটাবেজ বা পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে।
পিএইচপি ফাউন্ডেশনের নিরাপত্তা প্রকৌশলী ভলকার ডুশ এই পরিস্থিতিকে এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে গুরুতর হিসেবে অভিহিত করে ২০১৪ সালের আলোচিত ‘হার্টব্লিড’ ত্রুটির সঙ্গে তুলনা করেছেন। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ক্যালিফ’ গত আগস্টে ওপেনএআই-এর তৈরি ‘জিপিটি-৫.৬ সল’ মডেল ব্যবহার করে এই ত্রুটিগুলো খুঁজে পায়। পরবর্তীতে গুগল মালিকানাধীন ‘উইজ’ নিজস্ব উদ্যোগে ‘জেমিনি ৪ আর্গন’ ও ‘জিপিটি-৫.৬ সল’ মডেলের মাধ্যমেও একই ত্রুটি শনাক্ত করে। ওপেনএআই জানিয়েছে, এটি প্রযুক্তির ইতিহাসে নতুন এক ধাপ, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই ইন্টারনেটের বড় ত্রুটি খুঁজে বের করতে সক্ষম হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে এর প্রভাব পড়তে শুরু করেছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার অনুরোধে প্যারিস পুলিশসহ স্থানীয় প্রশাসনের ওয়েবসাইটগুলো বুধবার বিকেল থেকে বন্ধ রাখা হয়েছে। নেদারল্যান্ডসে ‘ডিজিডি’ পরিচয় যাচাই সেবা, প্রতিনিধি পরিষদের ওয়েবসাইট এবং জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের ওয়েবসাইট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অফলাইনে রাখা হয়েছে। বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা সংস্থা ‘অস্ট্রেলিয়ান সিগন্যালস ডিরেক্টরেট’-এর নিজস্ব ওয়েবসাইট ‘সাইবার ডট গভ ডট এইউ’ আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
আপনার মতামত লিখুন :