Facebook Twitter Instagram YouTube

ফ্লাইওভারে উঠতে গিয়ে বিড়ম্বনায় পিংক বাস, পরে সরালেন পুরুষ চালক


প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ /
ফ্লাইওভারে উঠতে গিয়ে বিড়ম্বনায় পিংক বাস, পরে সরালেন পুরুষ চালক

রাজধানীতে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সেবাটি সম্প্রতি এক বিড়ম্বনার মুখে পড়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরের দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকায় দোতলা এই বাসটি ফ্লাইওভারে ওঠার সময় চালক ফাহিমা সানজান বিপত্তিতে পড়েন। ফ্লাইওভারের ঢাল বেয়ে বাসটিকে ওপরে তুলতে ব্যর্থ হলে তিনি তাৎক্ষণিকভাবে যানটি থামিয়ে দেন।

সড়কে বড় ধরনের যানজট সৃষ্টি কিংবা কোনো দুর্ঘটনা এড়াতে পরবর্তীতে একজন পুরুষ চালক এগিয়ে আসেন। তার সহযোগিতায় বাসটি নিরাপদে ফ্লাইওভার থেকে সরিয়ে নেওয়া হয়। এ সময় বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা দেখা দিলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নারীদের পরিচালিত এই বিশেষ বাস সেবাটি চালু হওয়ার পর থেকে দেশজুড়ে বেশ সাড়া ফেলেছে।

তবে উদ্বোধনের পরদিনই বাসগুলোতে যাত্রী সংকটের চিত্র দেখা গেছে। মতিঝিল বাস পয়েন্ট থেকে মিরপুর-১০ অভিমুখী গোলাপি রঙের দোতলা বাসে হাতে গোনা কয়েকজন যাত্রী পাওয়া গেছে। সরেজমিনে দেখা যায়, বাসের ওপরের তলা পুরোপুরি ফাঁকা এবং নিচতলায় মাত্র দুজন যাত্রী ছিলেন। মতিঝিল থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত বাসটিতে যাত্রী সংখ্যা ছিল খুবই কম, পরে সায়েন্স ল্যাব মোড় থেকে একজন শিক্ষার্থী বাসে ওঠেন। যাত্রী কম থাকায় বাসটি অনেক নির্ধারিত পয়েন্টে থামেনি। একই পরিস্থিতি দেখা গেছে আবদুল্লাহপুর থেকে মতিঝিলগামী আরেকটি নারী বাসের ক্ষেত্রেও। শাহবাগ মোড়ে বাসটিতে তখন চার থেকে ছয়জনের মতো যাত্রী ছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh