
প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর নির্বিঘ্ন করতে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২০ হাজারের বেশি সদস্য নগর ও জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি বিশেষ স্ট্রাইকিং ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নগরের রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এই সফরকে কেন্দ্র করে বিশেষ সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রটোকল অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল পূজামণ্ডপটি পরিদর্শন করেছে এবং প্রশিক্ষিত স্নিফার ডগ ব্যবহার করা হয়েছে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়, জনসমাগমস্থল ও প্রধানমন্ত্রীর যাতায়াতসংশ্লিষ্ট এলাকাগুলো কঠোর নজরদারিতে রাখা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে। এছাড়া পূজা উদ্যাপন কমিটি ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করার কাজ চলছে বলে সিএমপি কমিশনার জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মেও নজরদারি চালানো হচ্ছে, যাতে পূজা ঘিরে কোনো গুজব, অপতথ্য বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা না হয়। সিএমপির বিভিন্ন ইউনিটকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সরাসরি জে এম সেন হলের পূজামণ্ডপে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে যাবেন এবং রাত পৌনে ৮টার দিকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে রাত সাড়ে ৮টায় ঢাকার পথে যাত্রা করবেন।
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৪: ৫০আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৪: ৫৮
আপনার মতামত লিখুন :