Facebook Twitter Instagram YouTube

বস্ত্র খাতের সংকট নিরসনে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ /
বস্ত্র খাতের সংকট নিরসনে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) একটি প্রতিনিধিদল বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে দেশের বস্ত্র খাতের বর্তমান পরিস্থিতি, বিশ্ববাজারে রপ্তানি প্রসার এবং এই শিল্পের মুখোমুখি হওয়া বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আলোচনাকালে বিটিএমএ প্রতিনিধিরা জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের চিত্র তুলে ধরেন। তারা এই শিল্পের টেকসই অগ্রগতি নিশ্চিত করতে সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধির অনুরোধ জানান। একইসঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনের জন্য নীতিগত সহায়তা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরিতে বস্ত্র খাতের বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন। তিনি আশ্বস্ত করেন যে, এই খাতের অগ্রগতি অব্যাহত রাখতে সরকার সব ধরনের সমর্থন প্রদান করবে। বৈঠক শেষে বস্ত্র শিল্পের বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করে তা দ্রুত নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশনা দেন। তিনি নিশ্চিত করেন যে, এই কমিটি শিল্প খাতের মূল সংকটগুলো সুনির্দিষ্ট করে দ্রুত পদক্ষেপ নেবে।

বৈঠকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ.মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির ও ইঞ্জিনিয়ার রাজীব হায়দার। এছাড়াও বর্তমান পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোহেব, বাদশা মিয়া, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh