Facebook Twitter Instagram YouTube

রাজশাহীতে ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ / ০
রাজশাহীতে ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) আয়োজিত এক জনসভায় আখচাষিদের জন্য বিশেষ প্রণোদনা অর্থ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে ডিজিটাল বোতাম চেপে তিনি ৩৮ হাজার ৯৭০ জন চাষির বিপরীতে ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দের এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন।

উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ উচ্চারণ করেন এবং জনসভাস্থলে উপস্থিত হাজারো মানুষও সমস্বরে তার সঙ্গে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করে কর্মসূচিতে সমর্থন জানান।

এর আগে বিকাল ৩টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী জনসভাস্থলে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা তাকে স্বাগত জানান। জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে জনসভাস্থলে যাওয়ার পথে সড়কের দুই ধারে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষকে তিনি বাসের ভেতর থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

রাজশাহীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে। এরপর তার চট্টগ্রাম অভিমুখে রওনা হওয়ার সূচি নির্ধারিত রয়েছে। এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুর পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেওয়া ছাড়াও রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor